নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৭৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আকবর আলী, ধৃতি সুন্দর মল্লিক, সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম, শক্তিপদ বিশ্বাস, মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবু, সবুজ কুমার সাহা, শারমিন লাকীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষানুরাগী ও অভিভাবকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অমল কান্তি নাগ।
আলোচনা সভা শেষে ২০২৫ সালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
নিজ প্রতিষ্ঠানে সংবর্ধিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা। কৃতী শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার খান বলেন, এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহ ও উদ্যম জোগাবে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। একজন ভালো শিক্ষার্থী ভবিষ্যতে উন্নত দেশ গঠনে সুনামের সঙ্গে কাজ করবে—এটাই প্রত্যাশা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন পথচলায় সাহস ও অনুপ্রেরণা জোগায়। একই সঙ্গে অন্য শিক্ষার্থীরাও এ আয়োজন দেখে ভালো ফলাফল করার জন্য উৎসাহিত হবে।
ভোরের আকাশ/জেআ