জামালপুরে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালী

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২৬ উপলক্ষে জামালপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) জামালপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জামালপুরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি ছিলেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম।
বক্তব্য রাখেন, জামালপুর বিআরডিবি, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভূইয়া প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষাবিদ, সমবায় সংগঠনের প্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সমবায় ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করতে হবে।
আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার আহবান জানান।
ভোরের আকাশ/ র.ই