চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আল্টিমেটাম ও বিক্ষোভ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রতি জারি করা একটি নোটিশ বাতিল এবং চিকিৎসকদের বিভিন্ন পেশাগত দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (৪জুন) সকাল সাড়ে ১১টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২০২৫-২৬-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক ইন্টার্ন চিকিৎসক অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের দাবির পক্ষে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা সাম্প্রতিক নোটিশটি চিকিৎসক সমাজের স্বার্থের পরিপন্থী এবং এতে চিকিৎসাসেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত নোটিশটি প্রত্যাহার করে চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে ইন্টার্ন চিকিৎসকদের একটি প্রতিনিধি দল চমেক হাসপাতালের পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২০২৫-২৬-এর সভাপতি ডা. সাকিব হোসেন বলেন, দাবি পূরণের বিষয়ে শুক্রবার রাত পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, দেশের অন্যান্য সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করা হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী চিকিৎসকরা দাবি করেন, চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে ভবিষ্যতে স্বাস্থ্যখাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা।
মানববন্ধন চলাকালে হাসপাতাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভোরের আকাশ/ র.ই