জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামালপুরে এলেঙ্গা–জামালপুর (এন-৪) জাতীয় মহাসড়কের পাশে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বর্তমান সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (১ এপ্রিল) দুপুরে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মেইন গেট সংলগ্ন এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। তিনি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো. খোরশেদ আলম। এছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের বনাঞ্চল সম্প্রসারণের লক্ষ্যে সরকার দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় এলেঙ্গা–জামালপুর মহাসড়কের দুই পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
স্থানীয় বাসিন্দারা এই সবুজায়ন প্রকল্পকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন মহাসড়কে পরিকল্পিত বৃক্ষরোপণ একদিকে যেমন পরিবেশকে শীতল রাখবে, অন্যদিকে সড়কের সৌন্দর্যও বহুগুণ বৃদ্ধি করবে।
ভোরের আকাশ/ র.ই