চিতলমারীতে নবাগত ইউএনও'র সাথে বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটের চিতলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সঙ্গে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ব্যবসায়ী নেতারা নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজী, সাধারণ সম্পাদক ও চিতলমারী উপজেলার যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাসেল শেখ, কোষাধ্যক্ষ মোঃ রাজু তালুকদার, দপ্তর সম্পাদক সৈয়দ শিব্বির হাসান এবং শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলীসহ আরও অনেকে।
সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী অফিসার বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং জ্বালানি তেলের সংকট নিয়ে আলোচনা করেন। এছাড়া সন্ধ্যা ৭টার পর কোন কোন দোকানপাট বন্ধ থাকবে এবং কোনগুলো খোলা থাকবে এ বিষয়েও মতবিনিময় হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/এনউব