খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশন

দুর্গম পাহাড়ের প্রত্যন্ত জনপদে অর্থাভাবে যাঁদের চোখের চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না, তাঁদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের ধারাবাহিকতায় খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে দুই ধাপে ১২২জন ছানি আক্রান্ত রোগীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। এতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে।
পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য উন্নত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে গত ১৯ আগস্ট খাগড়াছড়ির পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন।
এ ক্যাম্পেইনে প্রায় ৬০০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসা কার্যক্রমে ১৫৫ জন ছানি আক্রান্ত রোগী শনাক্ত হন। তাঁদের প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয় সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর প্রথম ধাপে ৮৪ জন ছানি আক্রান্ত রোগীকে উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ৬৩ জনের চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।
পরবর্তী সময়ে গত ১৪ নভেম্বর দ্বিতীয় ধাপে আরও ৮০ জন ছানি আক্রান্ত রোগীকে অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হয়। এ পর্যায়ে ৬১ জনের অপারেশন সম্পন্ন হয়েছে। তাঁদের মধ্যে ৫৮ জনের অপারেশন সম্পন্ন হয়েছে এবং আরও তিনজন অপারেশন-পরবর্তী চিকিৎসা ও পর্যবেক্ষণে হাসপাতালে রয়েছেন।
অন্যদিকে, অবশিষ্ট ১৯ জনের শারীরিক বিভিন্ন জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে অপারেশন করা সম্ভব হয়নি। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। শারীরিক জটিলতা কাটিয়ে উঠলে পুনরায় হাসপাতালে পাঠিয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে।
এভাবে দুই ধাপে মোট ১২২ জন ছানি আক্রান্ত রোগীর অপারেশন সম্পন্ন হয়েছে। পাশাপাশি চিকিৎসার আওতায় আসা রোগীদের পরবর্তী চিকিৎসার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চোখের আলো ফিরে পেয়ে কৃতজ্ঞ উপকারভোগীরা দীর্ঘদিন চোখের সমস্যায় ভোগা অনেক দরিদ্র মানুষের কাছে ছানি অপারেশন ছিল আর্থিক সামর্থ্যের বাইরে। চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় তাঁদের অনেকেই স্বাভাবিক জীবনযাপন ও দৈনন্দিন কাজকর্মে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছিলেন। সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের সুযোগ পেয়ে তাঁরা নতুন করে আশার আলো দেখছেন।
উপকারভোগীরা জানান, অর্থাভাবে দীর্ঘদিন চোখের চিকিৎসা করাতে পারেননি তাঁরা। সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, হাসপাতালে যাওয়া এবং অপারেশনের সুযোগ পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। এ উদ্যোগ তাঁদের জীবনে বড় ধরনের উপকার বয়ে এনেছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসার ব্যবস্থা করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
খাগড়াছড়ি সদর সেনা জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব জানান, গত ১৯আগস্ট প্রথম পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে আমরা পার্বত্য অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করেছিলাম।
সেখানে প্রায় ৬০০ জন চক্ষু রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাঁদের মধ্যে ১৫৫ জনের চোখে ছানি শনাক্ত করা হয় এবং তাঁদের অপারেশনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
এর ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর প্রথম ধাপে ৮৪ জন ছানি আক্রান্ত রোগীকে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে প্রথমে ৬১ জনের অপারেশন সম্পন্ন হয়। পরবর্তী সময়ে আরও দুজনের অপারেশন হওয়ায় প্রথম ধাপে মোট ৬৩ জনের অপারেশন সম্পন্ন হয়েছে।
সর্বশেষ দ্বিতীয় ধাপে আরও ৮০ জন রোগীকে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ৬১ জনের অপারেশন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ১৯ জনের মধ্যে কয়েকজনের অপারেশনের তারিখ আগামী ২৫ ও ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত তারিখে তাঁদের অপারেশন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, কয়েকজনের শারীরিক বিভিন্ন জটিলতা থাকায় আপাতত অপারেশন করা সম্ভব হয়নি। তাঁরা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলে তাঁদেরও অপারেশনের ব্যবস্থা করা হবে।
সব মিলিয়ে এখন পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে দুই ধাপে প্রায় ১২২ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। আমাদের এ কার্যক্রম এখানেই শেষ নয়। পার্বত্য অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।
বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমের মূল লক্ষ্য দুর্গম পার্বত্য অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। বিশেষ করে অর্থের অভাবে যাঁরা প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের চিকিৎসার সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
চিকিৎসাসেবার পাশাপাশি অসহায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সেনাবাহিনীর এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে। মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতে ও পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
ভোরের আকাশ/রই