খুলনায় ট্রাকের চাপায় প্রাণ গেল রিকশাচালকের

খুলনা শহরের ব্যস্ত সড়কে জীবনের চাকা থেমে গেল এক রিকশাচালকের। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর জোড়াগেট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রুহুল আমিন (৩৫)।
দিনভর পরিশ্রম শেষে পরিবারের মুখে হাসি ফোটাতে ঘামে ভেজা শরীর নিয়ে রিকশা চালাচ্ছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—একটি ট্রাকের চাপায় থেমে যায় তার জীবন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধীরগতির মালবাহী ট্রাক সামনে থাকা একটি সিএনজিকে চাপ দিলে রিকশাটি ভারসাম্য হারায়। তখন ছিটকে পড়ে যান রুহুল আমিন। মুহূর্তেই পিছনে থাকা ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি নিথর দেহে পরিণত হন।
রিকশাচালক রুহুল আমিন খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার হঠাৎ মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে নেমে এসেছে মাতম। স্ত্রী-সন্তান হারিয়েছে আশ্রয়, মা-বাবা হারালেন ভরসা।
ঘটনার পর আশপাশে থাকা ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয়দের অভিযোগ, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে কিন্তু কার্যকর পদক্ষেপের অভাবে প্রতিনিয়ত ঝরে যাচ্ছে নিরীহ মানুষের প্রাণ।
নিহতের সহকর্মী এক রিকশাচালক আক্ষেপ করে বলেন, “আমরা দিনভর খেটে খাওয়া মানুষ, রাস্তায় নেমেই মৃত্যুর ভয় সঙ্গে নিয়ে চলি। আজ রুহুল গেলো, কাল হয়তো আমিই হবো।”
ভোরের আকাশ/জাআ