গাইবান্ধা
মোটরসাইকেল ছিনতাইয়ের সন্দেহে গণপিটুনিতে নিহত, ২

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় মিলেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন। নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০) ও একই ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪)।
এর আগে বৃহস্পতিবার দিবাগত ভোরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে।
এসময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুরে পড়ে যাওয়া দুইজনকে মারধর করেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের আরেক সদস্য অন্ধকার সুযোগে পালিয়ে যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন,'খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/ র.ই