জামালপুরে পিকআপ ভর্তি ঘোড়ার মাংস উদ্ধার, চালকসহ ৫ জন আটক

জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে পিকআপ ভর্তি ঘোড়ার মাংস উদ্ধার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
এ ঘটনায় পিকআপ চালকসহ ৫ জনকে আটক করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) ভোররাত ৪ টার দিকে নরুন্দি চকবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হকের নেতৃত্বে মাংস গুলো আটক করা হয়।
পুলিশ জানান, নরুন্দির মিরাপুর ঘাট এলাকা থেকে একটি পিকআপে করে ঘোড়ার মাংস ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশ্যে নেওয়ার পথে নরুন্দি চকবাজার এলাকায় পুলিশ পিকআপটি আটক করে। পরে পিকআপে থাকা ১৮ বস্তা মাংস উদ্ধার করা হয়। যার পরিমাণ ৯৫০ কেজি।
আটক ব্যক্তিরা হলেন, মো. জুয়েল, শহীদ মিয়া, আফজাল মিয়া, হুমায়ুন, এবং রাসেল মিয়া। তাদের বাড়ি জামালপুর, টাঙ্গাইল, শরীয়তপুর ও ঢাকায়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে ৬ মাস করে এবং পিকআপের চালক ও হেলপারকে ২ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেন।
এ বিষয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর চারটার দিকে নরুন্দি মিরাপুর ঘাটে পিকআপে মাংস লোড হওয়ার খবর পেয়ে নন্দীর বাজারে অবস্থান নিয়ে পুলিশ ঘোড়ার মাংস গুলো জব্দ করে এবং ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের জেল জরিমানা করা হয়।
ভোরের আকাশ/রই