মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নাদিরা মিঠু চৌধুরী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে নতুন করে ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় মাদারীপুর-১ আসনের নতুন মনোনীত প্রার্থী হিসেবে নাদিরা মিঠু চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
এর আগে গত ৩ নভেম্বর এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল কামাল জামান মোল্লার নাম। তবে পরদিন ৪ নভেম্বর অনাকাঙ্ক্ষিত কারণে তার মনোনয়ন স্থগিত করে দলীয় উচ্চপর্যায়ের নির্দেশনা আসে, যা নতুন করে এলাকায় নানা আলোচনা–সমালোচনার জন্ম দেয়। সবাই জানতে চাইছিলেন—কে হবেন শিবচর আসনে ধানের শীষের নতুন কান্ডারী?
অবশেষে দলীয় সিদ্ধান্তে মনোনয়ন পেলেন নাদিরা মিঠু চৌধুরী। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা চৌধুরী (মিঠু)'র স্ত্রী। বর্তমানে তিনি মাদারীপুর জেলা বিএনপির সদস্য এবং শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, দলীয় এই সিদ্ধান্ত শিবচরের সাধারণ মানুষের প্রত্যাশার সাথে মিল রেখেই নেয়া হয়েছে। তারা বিশ্বাস করেন, নতুন মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী এ এলাকার রাজনৈতিক ধারায় নতুন গতি আনতে সক্ষম হবেন।
ভোরের আকাশ/এসএইচ