পিইউডিএস অন্তঃক্লাব বিতর্কে চ্যাম্পিয়ন ‘জাস্টিস অ্যাডভোকেটস’

‘যুক্তির মঞ্চে গণতন্ত্র’ স্লোগানকে ধারণ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজিত অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার ফাইনালে ‘ভয়েস অব রিজন’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘জাস্টিস অ্যাডভোকেটস’।
বুধবার প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। এর আগে গত ১০ সেপ্টেম্বর প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিতর্ক শিক্ষার্থীদের শুধু বক্তব্য উপস্থাপনের দক্ষতা অর্জনে সহায়তা করে না, বরং যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী সক্ষমতা এবং দায়িত্বশীল মনোভাব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণতান্ত্রিক পরিবেশে মতের ভিন্নতা স্বাভাবিক। যুক্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে ভিন্নমত প্রকাশের শিক্ষা বিতর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিধি কেবল শ্রেণিকক্ষের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা, মুক্তচিন্তা ও নৈতিক মূল্যবোধ বিকাশের সুযোগ করে দেওয়াও বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। পিইউডিএস দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের এ ধরনের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রেখে আসছে।
উপাচার্য বলেন, বর্তমান সময়ের বিতার্কিকদের মধ্য থেকেই ভবিষ্যতে শিক্ষক, গবেষক, প্রশাসক, উদ্যোক্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব উঠে আসবে। তাই যুক্তিনির্ভর চিন্তার পাশাপাশি সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া সব বিতার্কিক ও আয়োজকদের অভিনন্দন জানান উপাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিইউডিএসের মডারেটর সঞ্জয় বিশ্বাস, নিলুফার সুলতানা, সাইফুদ্দিন মুন্না ও ফারিয়া হোসেন বর্ষা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির চিফ মডারেটর জুলিয়া পারভীন। এ সময় পিইউডিএসের কার্যনির্বাহী কমিটির সভাপতি ফজল আল মাহমুদ অয়নসহ সোসাইটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
ফাইনাল পর্বে মুখোমুখি হয় ‘ভয়েস অব রিজন’ ও ‘জাস্টিস অ্যাডভোকেটস’। দুই দলের বিতার্কিকদের যুক্তি, পাল্টা যুক্তি ও উপস্থাপনায় প্রতিযোগিতার শেষ পর্বটি হয়ে ওঠে জমজমাট। বিতর্ক শেষে বিচারকদের মূল্যায়নে ‘জাস্টিস অ্যাডভোকেটস’ চ্যাম্পিয়ন এবং ‘ভয়েস অব রিজন’ রানার-আপ নির্বাচিত হয়।
চ্যাম্পিয়ন দলের হয়ে বিতর্কে অংশ নেন কাজী আলদীন ফারদিন, পূজাশ্রী বিশ্বাস, শহীদুর রহমান ও এনামুল। অন্যদিকে রানার-আপ দলের সদস্য ছিলেন সিফাত নূর চৌধুরী, তাহসিন ইরফান, রাহুল সিংহা ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা বিতার্কিক বা ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন মো. মাহমুদুল হাসান ফয়সাল। আর ফাইনালের সেরা বিতার্কিক হিসেবে ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ পুরস্কার পান কাজী আলদীন ফারদিন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী ও রানার-আপ দলের সদস্যদের হাতে ট্রফি, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি ব্যক্তিগত ক্যাটাগরিতে নির্বাচিত বিতার্কিকদেরও পুরস্কৃত করা হয়।
আয়োজক পিইউডিএস সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের যুক্তিবোধ ও বিশ্লেষণী দক্ষতা বাড়ানোর পাশাপাশি নেতৃত্বের সক্ষমতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে উৎসাহিত করতেই নিয়মিত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায়ও বিভিন্ন ক্লাবের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। যুক্তিনির্ভর বক্তব্য, পাল্টা যুক্তি ও প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর।
ভোরের আকাশ/সু.পা