নরসিংদীতে তারেক রহমানের জনসভায় ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার নরসিংদী বাসাইল পৌরপার্ক সংলগ্ন নরসিংদী ক্লাবের সামনের মাঠে আসছেন।
এদিন তিনি নরসিংদী ক্লাবের সামনে মাঠে এক জনসমাবেশে বক্তব্য দেবেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ জনসভা হচ্ছে।
দীর্ঘদিন পর তারেক রহমান এই অঞ্চলে আসছেন। এই সমাবেশকে সফল করতে নরসিংদী জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠন এবং নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মযজ্ঞ চলছে। বিএনপি আশা করছে, এ জনসভায় সারা জেলা থেকে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন। এজন্য বুধবার রাতে আকাশপথে তিনি সিলেটে পৌঁছাবেন।
জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলাপ করে জানা গেছে, সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলছে। আশা করা হচ্ছে, সমাবেশের আগের দিন বুধবার সন্ধ্যার মধ্যে মাঠের কাজ শেষ হয়ে যাবে। প্রতিদিনই কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দরা মাঠ পরিদর্শন করছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন জানিয়েছেন, দীর্ঘদিন পর নরসিংদীর বিএনপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এ জনসভা হচ্ছে।
এ নিয়ে জেলাজুড়ে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। অতীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নরসিংদীতে সফর করেছেন।
নরসিংদী জেলা বিএনপির নেতৃবৃন্দরা বলেন, ‘নরসিংদী ক্লাবের সামনের মাঠে জনসভার আয়োজন করা হচ্ছে। এই জনসভায় আমরা লক্ষাধিক লোকসমাবেশ আশা করছি। আমাদের প্রস্তুতি প্রায় শেষ। এখন মাঠে কাজ চলছে। আমরা প্রতিনিয়ত মাঠে যাচ্ছি, মিটিং করছি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, সবকিছু মিলিয়ে যাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়, সে রকম পরিকল্পনা নেওয়া হয়েছে।
সামগ্রিকভাবে বিষয়টি তাদের পর্যবেক্ষণে আছে। এ জনসভা নিয়ে তাঁরা খুবই সতর্ক আছেন।
ভোরের আকাশ/নি. ব