সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : বিমান মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৭ বছরের দুঃসাশনামলে সনাতন ধর্মাবলম্বীদের উন্নয়নে কোন কাজ করেনি। একটা মানসম্মত মন্দিরও নির্মাণ করেনি। শুধু বরাদ্দ এনে লুটেপুটে খেয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিমান মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ ও অগ্রসর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়রানিমুক্ত ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।
সনাতনী ভক্তবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিমান মন্ত্রী আরো বলেন, আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার কারণেই আজ আমি আজকের অবস্থানে এসেছি। আমি হিন্দু, মুসলিম,বৌদ্ধ- খ্রিষ্টান সকলের জন্য উন্নত ও নিরাপদ মানিকগঞ্জ প্রতিষ্ঠায় আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা আমার জন্য প্রার্থনা করুন, আমি যাতে আপনাদের আপনাদের সকলের স্বপ্ন পূরণে সফল হতে পারি।
শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দির কমিটি ও সকল ভক্তবৃন্দ কর্তৃক আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, মহিলাদল, জিয়া পরিষদ, জাসাস ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ পূজারীগন উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/র.ই