প্রবাসীর ঘর দখলে ভাই, পথে দুই কন্যা

সাত বছর প্রবাস জীবন শেষে স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন ফুরকান আহমদ। ভেবেছিলেন স্ত্রী-সন্তানদের নিয়ে নিজের ঘরে নতুন করে সংসার গুছিয়ে নেবেন।
কিন্তু দেশে ফিরে দেখেন, তার নির্মিত বসতঘর তালাবদ্ধ। ঘরে নেই স্ত্রী-সন্তান, আর নিজের ঘরে প্রবেশের পথও রুদ্ধ করে দাঁড়িয়ে আছেন আপন ছোট ভাই।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী মৌলভীবাজার এলাকার এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ফুরকান আহমদের অভিযোগ, তার অনুপস্থিতির সুযোগে ভাই আয়াজ উদ্দিন জোরপূর্বক বসতভিটা ও বাড়িঘর দখলে নিয়েছেন। ফলে দুই স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে তিনি এখন মানবেতর জীবনযাপন করছেন।
জানা যায়, মৃত নজির আহমদের ছেলে ফুরকান আহমদ জীবিকার তাগিদে দীর্ঘ সাত বছর সৌদি আরবে ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে দেশে ফেরার পর তিনি দেখতে পান, পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে নিজের অর্থে নির্মিত বসতঘর তার নিয়ন্ত্রণে নেই। অভিযোগ রয়েছে, প্রবাসে থাকাকালীন সময়ে তার স্ত্রী ও সন্তানদেরও বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। পরে তারা আশ্রয় নেন নানাবাড়িতে।
ফুরকান আহমদ বলেন, “বিদেশে কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য ঘর নির্মাণ করেছি। বিদ্যুৎ, পানিসহ সব সুবিধা নিশ্চিত করেছি। অথচ দেশে ফিরে নিজের ঘরে ওঠার সুযোগও পাচ্ছি না। এখন দুই মেয়েকে নিয়ে দিশেহারা অবস্থায় দিন কাটছে।”
তিনি জানান, বড় মেয়ে ফারিয়া আগামী বছরের এসএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পারিবারিক এই বিরোধের কারণে তাদের পড়াশোনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অর্থনৈতিক সংকটের কথাও তুলে ধরেন এই প্রবাসফেরত ব্যক্তি। পারিবারিক জটিলতা ও অনিশ্চয়তার কারণে বর্তমানে তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান হয়নি। স্থানীয় চেয়ারম্যান প্রার্থী ও আইনজীবী অ্যাডভোকেট মীর মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, উভয় পক্ষকে নিয়ে কয়েক দফা আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে মতপার্থক্যের কারণে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, “বিষয়টি নিয়ে কেউ আনুষ্ঠানিকভাবে আমার কাছে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আয়াজ উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এদিকে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি এবং প্রবাসী ফুরকান ও তার দুই কন্যার আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ভোরের আকাশ/ র.ই