খুলনার পাওয়ার গ্রিডে আগুন নেভাতে আনসারের প্রশংসনীয় ভূমিকা

খুলনার বটিয়াঘাটা উপজেলার ১৩২/১৩৩ কেভি হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। দ্রুত ও সমন্বিত অভিযানে আগুন নিয়ন্ত্রণে এনে গুরুত্বপূর্ণ জাতীয় বিদ্যুৎ অবকাঠামোকে সম্ভাব্য ভয়াবহ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা হয়।
বুধবার সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে শর্ট সার্কিটের ফলে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্য মিন্টু হোসেন ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গার্ড কমান্ডার (পিসি) মো. বাবুল আক্তারকে বিষয়টি জানান।
খবর পেয়ে পিসি মো. বাবুল আক্তারের নেতৃত্বে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও তারা পেশাদার দক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যান।

প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়ায় আগুন পাশের স্থাপনা ও বিদ্যুৎ অবকাঠামোতে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পরিদর্শন করে আনসার সদস্যদের দ্রুততা, সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তারা জানান, জরুরি পরিস্থিতিতে আনসার সদস্যদের পেশাদার পদক্ষেপের কারণেই গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাটি নিরাপদ রাখা সম্ভব হয়েছে।
এই ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দক্ষতা, প্রস্তুতি ও দায়িত্বশীলতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
ভোরের আকাশ/জেআ