ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী মোতাহার হোসেন তালুকদারকে অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি
প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের সব শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়৷
এর আগে, চলতি বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল।
আদেশ পেয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। ময়মনসিংহ নগরীর সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটি আধুনিক নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন আমরা একটা পরিকল্পিত আধুনিক এবং মনোরম নগরী গড়তে চাই ৷
ভোরের আকাশ/ র.ই