মাওয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মাওয়া বাজারের রাবেয়া ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোজাফফর আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে উর্মি স্টোরে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দোকান মালিক মোহাম্মদ রাসেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে ইসলাম সুইটমিটে দই, রসমালাই ও ঘির মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ হারুন শরীফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে বেলাল হোটেলে একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার উন্মুক্তভাবে সংরক্ষণ করতে দেখা যায়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে হোটেল মালিক মোহাম্মদ বেলাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় পদ্মা সেতু উত্তর থানা পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/ র.ই