পঞ্চমবারের মতো খুলল হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেগ ও দুটি দানবাক্স পঞ্চমবারের মতো খোলা হয়েছে। প্রায় ৩৫ দিন পর শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দানবাক্স ও ডেগ খোলা হয়। পরে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দানের অর্থ গণনা
।
সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল প্রতিনিধিদের উপস্থিতিতে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো মাজারের দানবাক্স ও ডেগ খোলা হয়েছিল। দীর্ঘদিনের প্রথা ভেঙে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনার উদ্যোগ নেওয়া হয়। এরপর ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর পর্যায়ক্রমে দানবাক্স ও ডেগ খুলে চার দফায় মোট ২ কোটি ২৯ লাখ টাকার বেশি নগদ অর্থ পাওয়া যায়।
এবার দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে মাজারে ভক্ত, দর্শনার্থী ও জিয়ারতকারীদের উপস্থিতি বেশি থাকায় দানের পরিমাণ আগের তুলনায় বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে এবারের গণনা শেষে মোট কত টাকা পাওয়া গেছে, তা আনুষ্ঠানিক হিসাব প্রকাশের পর জানা যাবে।
এদিকে, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত ২৩ সেপ্টেম্বর গঠিত কমিটির সভায় দানবাক্সের অর্থ নিয়মিত গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ ব্যয় হবে মাজারের দৈনন্দিন পরিচালন ব্যয় এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে।
নিয়মিত অর্থ গণনা ও নির্ধারিত খাতে অর্থ ব্যয়ের এ উদ্যোগের মাধ্যমে হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
ভোরের আকাশ/ এনউব