সখীপুরে ট্রাকের ধাক্কায় স্বাস্থ্য সহকারীর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আওয়াল শফি (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আওয়াল শফি সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের বাসিন্দা মো. মোশারফ হোসেনের ছেলে। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, আওয়াল শফি কর্মস্থল যাদবপুর থেকে নিজ বাড়ি বোয়ালির উদ্দেশে যাচ্ছিলেন। পথে নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভোরের আকাশ/সু.পা