বগুড়ায় মোটর শ্রমিকদের পরিবারকে ৬৭ লাখ টাকার সহায়তা

বগুড়ায় মৃত ২০৭ মোটর শ্রমিকের পরিবার, ৮৭ শ্রমিকের মেয়ের বিয়ে এবং একজন বৃদ্ধ পঙ্গু শ্রমিককে মোট ৬৭ লাখ ৪৭ হাজার ২৯৫ টাকা এককালীন আর্থিক সহায়তা দিয়েছে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় শহরের ইসলামপুর হরিগাড়ীতে ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুলের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হামিদ মিঠুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।
ইউনিয়নের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত ২০৭ শ্রমিকের পরিবারকে জনপ্রতি ৩০ হাজার ১ টাকা করে মোট ৬২ লাখ ১০ হাজার ২০৭ টাকা দেওয়া হয়। এ ছাড়া ৮৭ শ্রমিকের মেয়ের বিয়ের জন্য জনপ্রতি ৬ হাজার ১ টাকা করে মোট ৫ লাখ ২২ হাজার ৮৭ টাকা এবং একজন বৃদ্ধ পঙ্গু শ্রমিককে এককালীন আর্থিক সহায়তা হিসেবে ১৫ হাজার ১ টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান সামছুসহ আমন্ত্রিত অতিথি ও ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়নের প্রচার সম্পাদক মো. সাজ্জাদ হোসেন পিন্টু।
ভোরের আকাশ/সু.পা