খুলনায় মাদকাসক্ত যুবকের আকস্মিক মৃত্যু

খুলনার রূপসায় এক মাদকাসক্ত যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম আবু বক্কর (২৫)। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার মৎস্য ব্যবসায়ী নূর মোহাম্মদ টুলু বিশ্বাসের বড় ছেলে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রূপসা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি স'মিলের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আবু বক্কর স'মিলের সামনে এসে হঠাৎ ঝাঁকুনি দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। জানা যায়, নিহতের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হলেও ব্যবসায়িক কারণে তার পিতা নূর মোহাম্মদ টুলু বিশ্বাস রূপসার চর বাগমারা এলাকায় ইকবাল মার্কেট সংলগ্ন একটি বাড়ি ক্রয় করে বসবাস করতেন। এক সময় তার জমজমাট মৎস্য ব্যবসা থাকলেও বর্তমানে ব্যবসায় মন্দা চলছে এবং তিনি নিয়মিত রূপসায় অবস্থান করেন না।
সংবাদ পেয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজ্জাক মীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ গোপালগঞ্জে নিজ বাড়িতে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ভোরের আকাশ/নি