মনোনয়নবঞ্চিত হয়েও ফরম কিনলেন সিরাজগঞ্জে বিএনপির দুই নেতা

দলীয় মনোনয়ন না পেলেও সিরাজগঞ্জের দুটি আসনে বিএনপির দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সম্ভাব্য প্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর তাড়াশ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সম্ভাব্য প্রার্থী শফিকুল ইসলাম ছালাম শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
খন্দকার সেলিম জাহাঙ্গীর তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য। অন্যদিকে শফিকুল ইসলাম ছালাম জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য।
দলীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে ভিপি আইনুল হককে এবং সিরাজগঞ্জ-৬ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ডা. এম. এ. মুহিতকে।
এ বিষয়ে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, “রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে সিরাজগঞ্জ-৩ আসন গঠিত হলেও বিএনপি কখনোই তাড়াশ উপজেলা থেকে কাউকে মনোনয়ন দেয়নি। এতে এই উপজেলার মানুষ বঞ্চিত হয়ে আসছে। ইতোমধ্যে প্রার্থী পরিবর্তনের দাবিতে রায়গঞ্জে বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন করেছেন। আমি বিশ্বাস করি, চূড়ান্ত প্রার্থী নির্বাচনের সময় দল আমাকে মনোনয়ন দেবে। সেই আশাতেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।”
শফিকুল ইসলাম ছালাম বলেন, “বিগত আন্দোলন-সংগ্রামে আমি রাজপথে সক্রিয় ছিলাম। আমি মনে করি দল আমাকে মূল্যায়ন করবে। দলের চূড়ান্ত মনোনয়নে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।”
ভোরের আকাশ/মো.আ.