নড়াইলে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ২, আহত ৫

নড়াইল সদর উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের বাদশার গ্যারেজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগমের (৫৫) বাড়ি যশোরের পুলেরহাট এলাকায় এবং অ্যাম্বুলেন্সের চালক আকবর হোসেন (২৮) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরকোলাকোপা গ্রামের আবুল হাসিমের ছেলে। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাহানারা বেগম তার মৃত স্বামী ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে নড়াইল হয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাদশার গ্যারেজ নামক স্থানে লোহাগড়াগামী যাত্রীবাহি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা জাহানারা বেগম ঘটনাস্থলে নিহত হন। অ্যাম্বুলেন্স চালক আকবরকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অ্যাম্বুলেন্সে নিহত জাহানারার ছেলে পুলিশের এসআই আবু তালেবসহ একই পরিবারের ৯জন সদস্য ছিলেন। এর মধ্যে ৫জন আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪জন অক্ষত আছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন,দুঘর্টনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ইউএম