চবিতে ছাত্রদল–শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একই সময়ে একই স্থানে পৃথক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।
রোববার (১৪ জুন) রাতে দুই সংগঠনের নেতা-কর্মীরা ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মুখোমুখি অবস্থান নেয়, এতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উদ্বেগ ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত সাড়ে ৯টার দিকে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। তাদের অভিযোগ ছিল, ছাত্রশিবির ‘গুম ও অপহরণের নাটক’ তৈরি করছে। মিছিলটি চবি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড় ঘুরে আবার একই স্থানে শেষ হয়। এতে চবি শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েক ডজন নেতা-কর্মী অংশ নেন।
এর কিছুক্ষণ পর বিএনপির এক সংসদ সদস্যের বক্তব্যে হিজাব নিয়ে কটূক্তির অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করে ইসলামী ছাত্রশিবির। রাত ১০টার দিকে তারা গোলচত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে, যেখানে আগে থেকেই ছাত্রদলের কর্মীরা অবস্থান করছিলেন।
পরবর্তীতে দুই পক্ষের স্লোগানে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়নি। উভয় সংগঠন নিজ নিজ কর্মসূচি শেষে ক্যাম্পাস ত্যাগ করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক নুরুল হামিদ কানন জানান, দুই সংগঠনই আলাদা কর্মসূচি পালন করছিল এবং একপর্যায়ে তারা একই এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
ভোরের আকাশ/ র.ই