চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে আইন প্রয়োগের সিদ্ধান্ত জেলা প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি কঠোর আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বাড়ির ভেতরে জমে থাকা পানি, বালতি ও হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন তৈজসপত্রে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে।
রেড ক্রিসেন্টের সমীক্ষায় প্রায় ২০ শতাংশ বাড়িতে লার্ভা পাওয়ার তথ্যকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি মশার লার্ভা ধ্বংস ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হবে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আয়োজনে ‘ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মো. আবু ছালেহ মোসা জঙ্গী। সভায় জানানো হয়, এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।
সভায় বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে বিশেষ টিম গঠন করে বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। তবে মানুষের অসচেতনতা ও বিভিন্ন স্থানে পানি জমিয়ে রাখার প্রবণতার কারণে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
বিশেষ করে পানি সংকট রয়েছে—এমন এলাকার বাড়িগুলোতে বালতি, হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন পাত্রে জমিয়ে রাখা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এসব স্থানে জমে থাকা পানি মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করছে বলে সভায় জানানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন থেকে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ ছাড়া পৌরসভার ১৮ জন স্বাস্থ্যকর্মী ও সাতজন পরিবার পরিকল্পনা কর্মীর সমন্বয়ে নতুন চারটি টিম গঠন করা হবে। এসব টিম মশার লার্ভা ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে।
পাশাপাশি ড্রেন ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিয়মিত পরিষ্কার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বাড়ির ভেতরে ও আশপাশে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/সু.পা