চাঁদপুরে নদী দখল করে অবৈধ ঘাট নির্মাণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের ডাকাতিয়া নদী ভরাট করে পণ্য ওঠানামার অবৈধ ঘাট নির্মাণের অভিযোগে কাজী মোবারক করীম মেহেদী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে ভরাট করা অংশ থেকে সব রাবিশ (বর্জ্য ও নির্মাণসামগ্রী) অপসারণ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাঁদপুর শহরের ১০ নম্বর চৌধুরীঘাট ও কসাইখানা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা লঙ্ঘন করে ডাকাতিয়া নদীর একটি অংশ রাবিশ ফেলে ভরাট করা হচ্ছিল। পরে ওই ভরাট করা জায়গাকে পণ্য ওঠানামার ঘাট হিসেবে ব্যবহার করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে যৌথভাবে এই অভিযান চালানো হয়।
ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন চাঁদপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, “পরিবেশ ও নদ-নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী দখল, ভরাট কিংবা পরিবেশের ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
স্থানীয়রা নদ-নদী রক্ষায় প্রশাসনের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, ডাকাতিয়া নদীসহ জেলার অন্যান্য নদী ও খাল দখল-দূষণমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ এনউব