জামালপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবি

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
যাত্রীসেবা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় সভা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং প্রয়োজন অনুযায়ী যানবাহন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।
তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রাকে কেন্দ্র করে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন রুট পরিচালনা কমিটি একযোগে কাজ করছে। দূর-দূরান্ত থেকে জামালপুরে আসা ও জামালপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
সাখাওয়াত হোসেন শুভ আরও বলেন, “যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সে বিষয়ে মালিক সমিতির পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কেউ অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি আমাদের জানানো হলে দ্রুত সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, ঈদের আগে ও পরে যাত্রীচাপ বৃদ্ধি পেলে অতিরিক্ত বাস নামানোর বিষয়েও আলোচনা হয়েছে। প্রয়োজনে যানবাহনের সংখ্যা বাড়িয়ে হলেও যাত্রীসেবা নিশ্চিত করা হবে।
এ বিষয়ে জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য এড্ মো. ওয়ারেস আলী মামুন সাহেবের এর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। এমপির নির্দেশনা অনুযায়ী কোনো অবস্থাতেই যেন যাত্রী হয়রানি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা জামালপুর ঈদকে কেন্দ্র করে প্রতি বছর ব্যাপক যাত্রীচাপের মুখোমুখি হয়। বিশেষ করে ঢাকা-জামালপুর মহাসড়ক, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী রুটে ঘরমুখো মানুষের ভিড় বেড়ে যায়। এ কারণে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসন ও পরিবহন সংশ্লিষ্টদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
সবশেষে সাখাওয়াত হোসেন শুভ জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, সবাই যেন নিরাপদ ও আনন্দময়ভাবে নিজ বাড়িতে পৌঁছে ঈদ উদযাপন করতে পারেন এবং ঈদ শেষে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরে যেতে পারেন।
তিনি বলেন, “যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাবো, ইনশাল্লাহ। সকলকে অগ্রিম ঈদ মোবারক।”
ভোরের আকাশ/ র.ই