মুজিবনগরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মেহেরপুর মুজিবনগর সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর আসামি আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর রিফিউজি পাড়ার দরুদ আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, শহিদুল ইসলাম তার আগের চারটি বিয়ের তথ্য গোপন রেখে প্রায় ২৪ বছর আগে মুজিবনগরের সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি নগদ ২ লাখ টাকা ও একটি গরু যৌতুক হিসেবে গ্রহণ করেন। তাঁদের দাম্পত্য জীবনে তিনটি কন্যাসন্তানের জন্ম হয়।
পরবর্তী সময়ে পরকীয়া সম্পর্কের জেরে আনোয়ারা খাতুন নামে আরেক নারীকে বিয়ে করেন শহিদুল। অভিযোগ রয়েছে, অন্য স্ত্রীদের প্ররোচনায় তিনি তাহমিনা খাতুনকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
ঘটনার মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে আবার নিজের বাড়িতে নিয়ে আসেন শহিদুল। এরপর ১৫ মার্চ তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে তাহমিনা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধরে এনে দ্বিতীয় স্ত্রী আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করা হয়।
এ ঘটনায় নিহত তাহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি তদন্ত করেন উপপরিদর্শক সুব্রত কুমার পাল। পরে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সিআইডির উপপরিদর্শক আনোয়ার জাহিদ মামলাটি তদন্ত করেন এবং ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করেন। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে শহিদুল ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। তবে অপর আসামি আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক টোটন এবং আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন কৌশলী ছিলেন।
ভোরের আকাশ/সু.পা