গাজীপুরে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, অগ্নিকাণ্ডের সংবাদে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত যাত্রীবাহী বাসের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। সেসময় বাসে ১০ জনের মতো যাত্রী ছিলো, তারা সবাই দ্রুতই নিরাপদে নেমে যায়। পরে ফয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসময় বাসের চালক এবং হেলপারকে দেখা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিলো। পথে হারিকেন এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন লাগে।
ভোরের আকাশ/মো.আ.