৫ টাকায় ব্যতিক্রম বৃক্ষমেলা উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি পার্কে আয়োজিত ব্যতিক্রমধর্মী বৃক্ষমেলা উদ্বোধন করে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান বলেছেন, নগরজুড়ে সবুজ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
বুধবার (১০ ডিসেম্বর) তিনি মেলার উদ্বোধন করেন। এ বছর মাত্র পাঁচ টাকায় গাছ বিতরণের বিশেষ উদ্যোগটি মেলার সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণ হয়ে ওঠে এবং নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাসুদুজ্জামান বলেন, কয়েক দশক আগে নারায়ণগঞ্জ ছিল সবুজে ঘেরা প্রাণবন্ত শহর। কিন্তু আজ তা ইট-পাথরের নগরীতে রূপ নিয়েছে। তিনি বলেন, শীতলক্ষ্যা নদীও এখন প্রায় মৃতপ্রায়। শহরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ ধ্বংসকেই দায়ী করেন। ডিসেম্বরেও শহরে শীত না পড়াকে তিনি পরিবেশ বিপর্যয়ের গুরুতর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য শহর গড়ে তুলতে হলে সবুজায়ন ছাড়া বিকল্প নেই।
পাঁচ টাকায় গাছ বিতরণের বিষয়টি নিয়ে তিনি বলেন, এই সামান্য মূল্য নির্ধারণের উদ্দেশ্য মানুষকে উৎসাহ দেওয়া, যেন তারা দায়িত্ব নিয়ে গাছ রোপণ ও পরিচর্যা করেন। তিনি আশা প্রকাশ করেন, নাগরিকরা যত্নে রোপণ করা প্রতিটি গাছ শহরের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে এবং বৈশ্বিক পরিবেশ রক্ষায়ও অবদান রাখবে।
মাসুদুজ্জামান বলেন, “বৃক্ষপ্রেমী হোন, পরিবেশপ্রেমী হোন, নদী রক্ষায় এগিয়ে আসুন। আমরা বিশ্বাস করি, শীতলক্ষ্যা নদী আবার তার পুরোনো রূপে ফিরবে।” তিনি আরও জানান, নারায়ণগঞ্জে সবুজায়ন আন্দোলনকে নাগরিক অংশগ্রহণের মাধ্যমেই শক্তিশালী করা সম্ভব।
বৃক্ষমেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেক, ডিমান্ড, জাররাফ রহমান, সামি, নাইম, জুবায়ের রহমান, রাহাতসহ সদর ও বন্দরের সাধারণ মানুষ।
দিনব্যাপী আয়োজনে শিশু, শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা সরব হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা পাঁচ টাকায় গাছ সংগ্রহ করে তা শহরের বিভিন্ন স্থানে রোপণের অঙ্গীকার ব্যক্ত করেন। নগরের সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে এই উদ্যোগ আগামীতে আরও বড় পরিসরে বিস্তৃত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
ভোরের আকাশ/এসএইচ