কক্সবাজারে তিনদিনের সফরে প্রধান নির্বাচন কমিশনার

তিনদিনের ব্যক্তিগত সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজারে পৌঁছান। কক্সবাজার বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দর থেকে তিনি গাড়িযোগে কক্সবাজার সার্কিট হাউজে যান এবং সেখানে রাত্রিযাপন করবেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার তার জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে পৌঁছে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেলে কুতুবদিয়া থেকে পুনরায় কক্সবাজারে ফিরে আসার কথা রয়েছে। রাতে তিনি আবারও সার্কিট হাউজে অবস্থান করবেন।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, এটি প্রধান নির্বাচন কমিশনারের ব্যক্তিগত সফর। সফর শেষে রোববার সকালে তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।
উল্লেখ্য, ব্যক্তিগত সফর হলেও প্রধান নির্বাচন কমিশনারের আগমনকে ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই