গাইবান্ধায় গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জহুরুল প্রধান (৪৫) নামে এক গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) সকালের দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার সাথে জড়িত অভিযোগে এরশাদ মিয়াকে আটক করেছে পুলিশ। তিনি সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের সমতকানার ছেলে।
নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে।
স্থানীয়রা জানান, জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে কাটা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এরশাদ আলীসহ ২-৩ জন ব্যক্তি অটোরিকশার চালককে মারধর শুরু করেন।
জহুরুল প্রধান ওই মারধরে বাধা দিলে অভিযুক্ত এরশাদ আলী জহুরুলের বুকে সজোরে ঘুষি মারলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত ১জনকে আটক করেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, 'লাশ বর্তমানে থানা রয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ একজন আটক রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/ র.ই