দুর্গাপূজার ছুটি শেষে সচল বেনাপোল বন্দর

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে শনিবার(২৪ অক্টোবর) থেকে আবারও সচল হয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য। পূজা ও সাপ্তাহিক ছুটিতে গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা ৭ দিন বন্ধের কবলে পড়েছিল বন্দরটি।
এদিকে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ ও পণ্য খালাস শুরু হওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে জমে থাকা পণ্যের জট। পণ্য ছাড়করণ ও খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সাথে সংশিষ্ট আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকেরা।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে বন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০ ট্রাক পণ্য রপ্তানি হয়। এ ছাড়া রেলপথেও পণ্য আমদানি করা হয়। প্রতিদিন বন্দর থেকে প্রায় ৫০০ থেকে ৬০০ ট্রাক পণ্য খালাস হয়ে থাকে। এসব আমদানি পণ্য থেকে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার রাজস্ব আদায় হয়। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আমদানি পণ্যের মধ্যে রয়েছে- শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস পণ্য, শিশুখাদ্য, মাছ, রাসায়নিকসহ বিভিন্ন ধরনের পণ্য। অন্যদিকে রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে- পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, রাসায়নিক পণ্য, বসুন্ধরা টিস্যু, মেলামাইন ও মাছসহ বিভিন্ন পণ্য। তবে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে পাট, পাট জাত দ্রব্য, তৈরি পোশাক ও গার্মেন্টস সামগ্রী সড়ক পথে দেড় বছর ধরে রপ্তানি বন্ধ রয়েছে। আর বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের শর্তে বন্ধ সুতা আমদানি ।
ভোরের আকাশ/ এনউব