সোনারগাঁয়ে বিস্ফোরক ও চোরাইপণ্যসহ আটক-২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের কেওঢালা এলাকায় কুরিয়ার সার্ভিসের আড়ালে ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্যের একটি বড় চালানসহ আকরাম (৩৫) গিয়াসউদ্দিন (২৫) নামে দুই জনকে আটক করেছে র্যাব-১১। বিস্ফোরক ও চোরাচালান পণ্যের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিয়মিত টহলকালীন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশের কেওঢালা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্টে ঢাকাগামী এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান থামানোর সংকেত দেওয়া হলে চালক মো. আকরাম ও তার সহযোগী মো. গিয়াসউদ্দিন পালানোর চেষ্টা করেন।
গাড়ীর চালক ও তার সহযোগীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে না পাড়ায় কাভার্ড ভ্যানটি তল্লাশি করা হয়। এসময় তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় বিস্ফোরক ও চোরাচালানকৃত পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৩ ধরনের ভারতীয় পণ্য। বিস্ফোরক ও চালানকৃত পণ্যের বিপরীতে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে তাদের দুজনকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুজন স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে আরো ১০/ ১২ জনের একটি চক্রের সঙ্গে যোগসাজশে কুরিয়ার ব্যবসার আড়ালে ভারত থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে এসব চোরাচালান পণ্য বাংলাদেশে এনে বিক্রি করে আসছিলেন।
নারায়ণগঞ্জ র্যাব-১১ লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, জব্দকৃত মালামালসহ আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/র.ই