তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়ার সাইটে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সহকারী পরিচালক (অপস্) ও অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ।
এর আগে শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটের দিকে তাড়াশ থানার শরাপপুর গ্রামের মো. আলেদ হোসেনের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তাড়াশ উপজেলার ভাদাশ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. কাওছার হাবীব (২৫) এবং মো. সাজ্জাদ আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (৩০)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ আগস্ট রাতে সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল তাড়াশ থানার শরাপপুর গ্রামের মো. আলেদ হোসেনের টিনশেড বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় একটি সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে জুয়ার সাইটে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট/অ্যাপের মাধ্যমে জুয়া খেলে আসছিলেন বলে র্যাব জানিয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা