রাবিপ্রবি’তে আইকিউএসি এর উদ্যোগে কর্মশালা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে “Workshop on HEAT-ATF Proposal Writing” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শাবিপ্রবির একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এতে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেরিন বায়োরিসোর্স সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. আসাদুজ্জামান। দুই দিনব্যাপী এ কর্মশালায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেমিস্ট্রি বিভাগের প্রফেসর ইউনুস আহমেদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আসাদুন নবী এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. আব্দুল কাইউম মাসুদ প্রশিক্ষক হিসেবে সশরীরে ও অনলাইনে প্রশিক্ষণ সেশন পরিচালনা করবেন।
আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ সঞ্চালনা করেন। কর্মশালায় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান শিক্ষকবৃন্দকে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন’ (HEAT) প্রজেক্টের গবেষণা প্রকল্প প্রস্তাব তৈরির জন্য কাজ করতে উৎসাহিত করেন এবং এ প্রশিক্ষণের মাধ্যমে গবেষণা প্রকল্প প্রস্তাবনা তৈরি করা সহজ হবে সে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি গবেষণা প্রকল্প প্রস্তাবনার ক্ষেত্রে স্মার্ট গোল বজায় রেখে ইথিক্যাল ইস্যুকে অগ্রাধিকার প্রদান, টেকনিক্যাল জারগন (পরিভাষা) এর পরিশীলিত ব্যবহার এবং ল্যাব সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে বাস্তব চাহিদা ও উপযোগিতার বিষয়টি বিবেচনায় রাখার আহবান জানান।
সিভাসু- এর মেরিন বায়োরিসোর্স সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. আসাদুজ্জামান তাঁর বক্তব্যে সিভাসু’র অভিজ্ঞতার আলোকে হিট প্রকল্পসমূহের সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষকদেরকে গবেষণার প্রতি নিবেদিতপ্রাণ হওয়ার আহবান জানান এবং শিক্ষানবিশ গবেষকদেরকে সাথে একসঙ্গে দক্ষ গবেষকদের কাজ করার পরামর্শ প্রদান করেন।
রাবিপ্রবি হিট প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা তাঁর বক্তব্যে রাবিপ্রবি’তে চলমান হিট প্রকল্প বিষয়ে অবহিত করেন এবং উক্ত প্রস্তাবনা তৈরিতে সহায়তার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হিট প্রকল্প প্রস্তাবনা তৈরিতে শিক্ষকবৃন্দকে দল গঠনের মাধ্যমে এনেক্স, প্রকিউরমেন্ট এবং ফিনান্সিয়াল প্ল্যান, এনভায়রনমেন্ট এসেসমেন্ট এবং প্রাতিষ্ঠানিক তথ্য প্রস্তুত করার আহবান জানান। চুয়েটের কেমিস্ট্রি বিভাগের প্রফেসর ইউনুস আহমেদ শিক্ষকবৃন্দকে হিট প্রকল্পের প্রস্তাবনা তৈরির সময় প্রকল্প মূল্যায়নের মানদণ্ডসমূহ পর্যালোচনা ও এআই ব্যবহারে প্লেজিয়ারিজম যাচাই করা এবং বাজেট অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের পক্ষে একাধিক হিট প্রকল্প প্রস্তাব পেশ করার জন্য অনুপ্রেরণা প্রদান করেন।
এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু তালেব, এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার মাহবুব আরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই