নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

নড়াইলের অরুনিমা রিসোর্টে ‘ড. রাফি-ড. বেগম মেমোরিয়াল’ জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় রিসোর্ট চত্বরে পুরস্কার বিতরণ ও বিভিন্ন প্রজাতির ২৫ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির সভাপতি খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ হানিফ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক ডা.অনুপম হোসেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ক্রীড়াসংগঠক এ কে এম শহীদুল আলম, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ।
আয়োজকরা জানান, গত দুইদিনব্যাপী (১৬ ও ১৭ অক্টোবর) অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘ড. রাফি-ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ক্লাবের ক্ষুদে ও জুনিয়র গলফারদের পাশাপাশি স্থানীয় উদীয়মান গলফাররা অংশগ্রহণ করে। প্র্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ বলেন, “নড়াইলের পানিপাড়া গ্রাম দীর্ঘদিন ধরে ‘পাখির গ্রাম’ হিসেবে পরিচিত। সেই প্রাকৃতিক ঐতিহ্য অক্ষুন্ন রেখেই পানিপাড়া এখন ‘গলফের গ্রাম’ হিসেবেও পরিচিতি অর্জন করেছে। পানিপাড়া গ্রামের প্রায় ৩০-৪০ জন শিশু-কিশোর এখন গলফ খেলছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই পরিচিতিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করতে আমরা কাজ করে যাচ্ছি। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গলফ ট্যুরিজমের সম্ভাবনাময় অবস্থান তৈরি করতে পারে। এর ফলে বিদেশি গলফার ও পর্যটকদের আকর্ষণের মাধ্যমে শত শত কোটি বৈদেশিক মুদ্রা অর্জন। ফলে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের পর্যটনশিল্প ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জীববৈচিত্র্য রক্ষায় অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
প্রথম পর্যায়ে ১২ হাজার গাছের রোপণ ও বিতরণ করা হবে এবং আগামী এক বছরের মধ্যে ১৩ হাজার গাছ রোপণ ও বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব