সার সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিট কথা বলার আহ্বান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার বিতরণ ও বিক্রির সংকট স্থায়ীভাবে সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মাত্র পাঁচ মিনিট আলোচনার সুযোগ চান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান।
সম্প্রতি সার বিতরণ ব্যবস্থা নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট আলোচনা করার সুযোগ পেলে দেশে আর কখনো সার বিতরণ বা বিক্রিতে সংকট থাকবে না।
মোখলেছুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাঁচ মিনিট আলোচনার সুযোগ দিলে বাংলাদেশে আর কোনোদিন সার বিতরণ বা বিক্রিতে সংকট হবে না, ইনশা আল্লাহ—চ্যালেঞ্জ দিলাম।”
সার সংকট সমাধানে নতুন করে ডিলারের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, বর্তমান ডিলারদের বরাদ্দ ও সারের মূল্য অপরিবর্তিত রেখেই কৃষকদের মধ্যে সুষমভাবে সার বিতরণ নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, এ জন্য ডিলার পরিবর্তন কিংবা অতিরিক্ত প্রশাসনিক সহায়তারও প্রয়োজন নেই। বর্তমান সার বিতরণ ব্যবস্থাকে ‘হয়রানিমূলক’ আখ্যা দিয়ে কার্যকর সংস্কারের দাবি জানান তিনি।
নিজের প্রস্তাব বাস্তবায়নের পরও সার বিতরণে সংকট দূর করতে ব্যর্থ হলে কঠোর শাস্তি দেওয়ার কথাও বলেন মোখলেছুর রহমান। এমনকি কোনো গণমাধ্যম তাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার সুযোগ করে দিতে পারলে ওই গণমাধ্যমের স্বত্বাধিকারীকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।
তবে সার বিতরণে সংকট সমাধানে তাঁর প্রস্তাবের সুনির্দিষ্ট কাঠামো এখনো প্রকাশ্যে আসেনি। ডিলারের সংখ্যা, বরাদ্দ ও সারের মূল্য অপরিবর্তিত রেখে কীভাবে কৃষকদের মধ্যে সুষম বণ্টন নিশ্চিত করা সম্ভব—এ বিষয়ে লিখিত প্রস্তাব প্রকাশের বিষয়ে জানতে চাইলে মোখলেছুর রহমান বলেন, তিনি একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করেছেন।
তবে সেই কাঠামো তিনি অন্য কারও কাছে নয়, শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেই উপস্থাপন করতে চান বলে জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীসহ বিভিন্ন এলাকায় সার পাওয়া নিয়ে কৃষকদের অসন্তোষ, বিক্ষোভ ও বিতরণসংক্রান্ত অভিযোগের খবর প্রকাশিত হয়েছে। এদিকে চলতি আমন মৌসুমে কুড়িগ্রামে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সেপ্টেম্বরের নিয়মিত বরাদ্দের বাইরে অতিরিক্ত ৫০০ টন ইউরিয়া সার বরাদ্দ দিয়েছে।
ভোরের আকাশ/সু.পা