তিনদিনের ব্যবধানে ঝিনাইদহ সীমান্তে ফের যুবকের মরদেহ উদ্ধার

তিনদিনের ব্যবধানে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতি নদী থেকে আবারও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে সীমান্তের পলিয়ানপুর এলাকা থেকে পচাগলা মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) একই এলাকায় ইছামতী নদীর পাড় থেকে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে নদীর পাড়ে গিয়ে মরদেহটি দেখতে পায়। নদীতে থাকা কচুরিপানায় ঢাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির সহযোগিতায় মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি মো. মেহেদী হাসান জানান, মরদেহটি বাংলাদেশ সিমান্তের ১০ গজ অভ্যান্তরে পাওয়া গেছে। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। সেখানে রাতিকান্ত জয়ধর (৪৬), পিতা দেবেন্দ্র নাথ জয়ধর, গ্রাম পোলাটানা, ভাংগারহাট, কোটালিপাড়া গোপালগঞ্জ ঠিকানা আছে।
ওসি জানান, পাসপোর্টের ব্যক্তিটি উদ্ধারকৃত লাশের পরিচয় কিনা তা পরে জানা যাবে। মরদেহ উদ্ধারের পরে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পরে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, অজ্ঞাত মরদেহটি বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে ইছামতী নদীতে কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় ছিল।
ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগের মরদেহ এটি। পানির নিচে পচে ফুলে উঠেছে মরদেহটি। উপুড় অবস্থায় মরদেহটি ভাসমান অবস্থায় ছিল। ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গত সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের একই জায়গায় ইছামতী নদীর পাড় থেকে অপর এক অজ্ঞাত যবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিজিবির একটি টহল দল সীমান্তে টহলরত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে। সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পড়ে ছিল। কিন্তু এখনো উদ্ধারকৃত লাশের পরিচয় মেলেনি।
ভোরের আকাশ/নি