হাটহাজারীতে অস্ত্র-গুলিসহ নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ওয়ান শুটারগান (এলজি) ও গুলি-কার্তুজসহ নিষিদ্ধ ঘোষিত ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাছির উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুদের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় নাছির উদ্দীনের শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজের গায়ে ‘শক্তিমান এক্সপ্রেস মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন জানিয়েছেন, তার বন্ধু রাউজানের মো. তৈয়ব প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদ তার কাছে রেখে যান। বিদেশ থেকে দেশে ফেরার পর তৈয়ব এগুলো নিয়ে যাওয়ার কথা ছিল।
এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বকে আসামি করে অস্ত্র আইনে হাটহাজারী থানায় মামলা করা হয়েছে। পলাতক তৈয়বকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
ভোরের আকাশ/ ইউএম