চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের আদালত পাড়া রোড ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে কিউরেক্স ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা, সাইফুল ভায়ের দোকানকে ৩ হাজার টাকা এবং লেভেল ক্যাফেকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ কিট সংরক্ষণ ও ডায়াগনস্টিক পরীক্ষায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অপরাধে কিউরেক্স ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে সাইফুল ভায়ের দোকান এবং মেয়াদোত্তীর্ণ বার্গার বান বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে লেভেল ক্যাফেকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।
অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোরের আকাশ/রই