হাইমচরে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় হাইমচর উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আবদুল হামিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. হারুনুর রশীদ গাজী, আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক এম এ লতিফ মাস্টার এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো. আবু জাফর, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন পেদা, সিনিয়র সাংবাদিক মো. মাসুদ আলম রিয়াদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন আদর্শ শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদান করেন না, বরং তাদের নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেম বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি জ্ঞানভিত্তিক ও সুন্দর সমাজ বিনির্মাণে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক সমাজের মর্যাদা, শিক্ষার গুরুত্ব এবং সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ভোরের আকাশ/ এনউব