সিদ্ধিরগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন, চলছে গণনা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ)আসনের সিদ্ধিরগঞ্জের ভোটকেন্দ্র গুলোতে সকাল থেকে ভোট শুরু হওয়ার সাথেই নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে নারী পুরুষ ভোটাররা দীর্ঘ লাইন ধরে ভোট দিতে দেখা গেছে। সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি পূর্ব আদর্শ উচ্চ বিদ্যালয়ে তিনটি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন ছিল।
রশ্মি আক্তার নামে এক ভোটার বলেন, জীবনের প্রথম ভোট শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে আমি খুশি। সুশৃঙ্খল ভাবে সব ভোটাররা ভোট দিতে পারছে। এ কেন্দ্রে ভোট দিতে আসছেন ৭৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলাম। অন্যজনের কোলে চড়ে তিনি ভোট দিতে আসছেন। তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অনেক খুশি।
প্রিজাইডিং অফিসার ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সকাল থেকে ভোটারদের উপস্থিতি ব্যাপক।সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ২৪ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৯২জন।
জালকুড়ি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা সাহিদা বেগম বলেন, এবার আমি প্রথমবার ভোট দিয়েছি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভাল লাগছে। সেই সাথে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি আনন্দিত। একেবারে ঝামেলাহীন ভাবে ভোট দিয়েছি।
প্রিজাইডিং অফিসার মো. সাখাওয়াত আলী ভুইয়া বলেন, এ কেন্দ্রের ভোটার সংখ্যা ২হাজার ৪২৮। বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৭৩৩। দুপুর বাড়ার সাথে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের ভিতর শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে। ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন।
ভোরের আকাশ/ র.ই