সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ঘুমন্ত অবস্থায় শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।
নিহতের ছেলে আল মাহমুদ শনিবার সকালে বলেন, রাতে তার মা নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে তাকে কামড় দেয়। এসময় তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত হয়।
এবিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন আকন্দ বলেন, রাতে ওই বৃদ্ধাকে শিয়াল কামড়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তদন্তে শিয়ালের কামড়ের বিষয়টি নিশ্চিত হলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে। আর অন্য কোনো বিষয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে লাশ দেওয়া হবে।
ভোরের আকাশ/আ.ব