রায়পুরে প্রবীণ-প্রতিবন্ধীদের সেবায় ২০ জনকে নিয়ে কেয়ারগিভার্স প্রশিক্ষণ

লক্ষ্মীপুরের রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যায় দুই দিনব্যাপী ‘কেয়ারগিভার্স’ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৮ জন পুরুষ ও ১২ জন নারী এতে অংশগ্রহণ করেন।
প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (পিপিকেএস) এ প্রশিক্ষণের আয়োজন করে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় সংস্থার পৌর শহরের খেজুরতলা এলাকার কার্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রশিক্ষণে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন যত্ন ও পরিচর্যা, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, চলাফেরায় সহায়তা প্রদান, সুষম ও পুষ্টিকর খাবার পরিবেশন, পোশাক পরিধান ও পরিবর্তনে সহযোগিতা এবং মানসিক সমর্থন প্রদান বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা বিনিময় করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
রংপুরের সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট (ডিএমটি), ফিজিওথেরাপিস্ট নূর মোহাম্মদ। উদ্বোধন করেন রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী আমিন উল্যা, চরপলোয়ান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং প্রবাসী সাইফুল আলম রেজা। সঞ্চালনা করেন প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম রিংকু।
প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম রিংকু বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যায় আরও দক্ষ ও সচেতন হয়ে উঠবেন।
পাশাপাশি পরিবার ও সমাজে তাঁদের প্রতি সম্মান, সহমর্মিতা, মানবিক আচরণ এবং অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের দৃঢ় প্রত্যাশা। পর্যায়ক্রমে অনুরূপ প্রশিক্ষণ ইউনিয়নভিত্তিকও আয়োজন করা হবে।
ভোরের আকাশ/আ.র