পীরগঞ্জে শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগার উদ্বোধন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে জ্ঞানচর্চায় সম্পৃক্ত করতে হবে। প্রত্যন্ত এলাকায় পাঠাগার গড়ে উঠলে শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বাড়বে এবং এর মাধ্যমে একটি সচেতন প্রজন্ম গড়ে উঠবে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় ‘শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগার’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, শহীদ আবু সাঈদের নাম ও তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তাঁর স্মৃতি ধারণ করে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন সভাপতিত্ব করেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পাঠাগারের জন্য বই উপহার দেন ড. হোসেন জিল্লুর রহমান।
ভোরের আকাশ/সু.পা