২৪ বিপ্লবের ফসল ঘরে তুলেই সংগ্রাম শেষ হবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, ২৪ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার দামাল সন্তানেরা পয়গাম পৌঁছে দিয়েছিল। এই বাংলাদেশ এবার নতুন রূপে গড়ে উঠবে। এর বিপ্লবের চেতনা হল, আমরা বারবার বিজয় অর্জন করেছি, বিজয়ের ফসল ঘরে তুলতে পারিনি। কিন্তু এবার ২৪ বিপ্লবের ফসল ঘরে তুলে আমাদের বিপ্লব শেষ হবে ইনশাআল্লাহ ।
বুধবার (১০ ডিসেম্বর) গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিশের শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে গাজীপুর-৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা এহসানুল হকের নির্বাচনী জনসভায় (গণসমাবেশে) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষক, শ্রমিক, জনতার উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে বাংলাদেশে আয় বেড়েছে, ইনকাম বেড়েছে, উন্নয়ন হয়েছে কিন্তু গরীবের হয় নাই। মিল কারখানার মালিকদের উন্নতি হয়েছে কিন্তু শ্রমিকদের উন্নতি হয় নাই। সরকারি দলের বড় বড় নেতাদের উন্নতি হয়েছে, জনগণের উন্নতি হয় নাই। ১৮ কোটি মানুষের মধ্যে ১৮ জন মানুষ মিলে ২৮ লক্ষ কোটি টাকা লোপাট করেছে, দুর্নীতি করেছে। এভাবেই সারা দেশের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, অল্প কিছু মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হয়। এই দুর্নীতি, এই অপশাসন, এই বৈষম্য, এই জুলুম যদি উৎখাত করতে হয়; একটাই ব্যবস্থা আল কোরআনের অর্থ ব্যবস্থা কায়েম করতে চাই।
বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর -৩ আসনের মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হক।
মাওলানা হেদায়তুল্লাহ রাহমানী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে খেলাফতে মজলিসের নায়েবে আমীর মাওলানা মুহাস্মদ মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ ও মাওলানা আতাউল্লাহ আমীন সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল্লাহ হাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় তিনি গাজীপুর-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা এহসানুল হকের হাতে নির্বাচনী প্রতীক রিকশা তুলে দিয়ে তাকে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য ভোট প্রার্থনা করেন।
ভোরের আকাশ/জাআ