মাগুরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি

মাগুরায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ এবং শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়াতে সমন্বিত সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন শামীম কবির, মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন ফকির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান। এছাড়াও মাগুরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাও এতে অংশ নেন।
আয়োজকরা জানান, শহরের বিভিন্ন নালা-নর্দমা ও ড্রেনে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত এই অভিযান শুরু করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন পাড়া-মহল্লার ড্রেন ও নর্দমায় ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হবে। ডেঙ্গু প্রতিরোধে এই কার্যক্রম সফল করতে মাগুরাবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/ র.ই