পাথরঘাটায় নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে বিএনপি নেতা-কর্মীদের পাহারা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পাথরঘাটায় নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পাথরঘাটায় রাতভর পাহারা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থান নেন তাঁরা।
কয়েকটি দলে বিভক্ত হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও পাড়া-মহল্লায় রাতভর অবস্থান করেন নেতা-কর্মীরা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক রয়েছেন বলে জানান।
পাথরঘাটা পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ সোয়েন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে পাথরঘাটার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। কেউ যেন নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছেন।
তিনি আরও বলেন, তাঁরা প্রতিশোধ কিংবা সংঘাতের রাজনীতি চান না। পাথরঘাটার মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতা করা হবে।
পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী বলেন, পাথরঘাটার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে। কোনো অপশক্তি শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে আইনানুগভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে।
এদিকে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে। কেউ নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন ওসি। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
ভোরের আকাশ/সু.পা