জামালপুরে পৃথক অভিযানে ১১টি চোরাই মোটরসাইকেলসহ ৯ জন গ্রেপ্তার

জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১) পৃথক অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১টি চোরাই মোটরসাইকেল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, শহরের বগাবাড়ি বোর্ডঘর এলাকার নিরব হোসেন, কাটরাবাড়ী এলাকার মাহফুজ আহমেদ, মেলান্দহ উপজেলার কুলিয়া দক্ষিণ পাড়া এলাকার সবুজ ওরফে মুনসি, একই উপজেলার আবু বকর সিদ্দিক, শেরপুর জেলার কামারচর এলাকার ফারুক, শ্রীবরদী এলাকার সাদ্দাম হোসেন, বারার চর এলাকার রাজ্জাক, চর হাবর কদমতলী এলাকার আমির হোসেন, হালগড়া এলাকার রবিউল ইসলাম সোহাগ।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এর দিক নির্দেশনায় ডিবি-১-এর এসআই মো. সোহাগ রানা ও এসআই মো. শাহজাহানের নেতৃত্বে জেলা ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়।
পরে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের শনাক্ত করে জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের ১১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা যাচাই করে আইনি প্রক্রিয়ায় হস্তান্তরের কাজ চলছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, চোরাই মোটরসাইকেল কেনাবেচাও একটি মারাত্মক অপরাধ। আমি সাধারণ মানুষকে কাগজপত্র যাচাই-বাছাই করে গাড়ি কেনার আহ্বান জানায়। চোর চক্রের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/আ.র